নারায়ণগঞ্জে ছাত্রদল সভাপতিকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। তবে রনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্যের চ্যালেঞ্জ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তাকে তুলে নেয়া হয়েছে বলে দাবি দলের নেতাদের।

শনিবার রাত সাড়ে ১১টায় ডিবি পুলিশ পরিচয়ে ঢাকার ধানমন্ডি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তার বড় ভাই রুবেল জানিয়েছেন।

রুবেল জানান, শনিবার রাত সাড়ে ১১টায় তার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন আসে এবং তাকে বলা হয় রনিকে একটি কালো রঙের মাইক্রোবাসে ৮-১০ জন লোক ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। এ সময় রনিকে ঢাকার কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে ফতুল্লা থানায় খবর নিতে বলে লাইনটি কেটে দেয়। তবে ঢাকা ও নারায়ণগঞ্জ ডিবি অফিসে খোঁজ নিতে গেলে রনির কোনো খবর পাননি বলে তিনি জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এখনও পর্যন্ত ফতুল্লা থানায় রনি নামে কেউ গ্রেফতার নেই। আমাদের থানা পুলিশ রনি নামের কাউকে গ্রেফতার করেনি এবং রনি নামে কোনো আসামি থানা হাজতে নাই।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর (সোমবার) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে চ্যালেঞ্জ জানিয়ে ফেসবুকে রনি একটি স্ট্যাটাস দিয়ে ব্যাপক আলোচিত হন। নিজ দলের নেতা-কর্মীদের কাছে সাহসী, বীর খেতাবসহ বিভিন্নভাবে প্রশংসিত হলেও ছাত্রলীগসহ অন্যদের কাছে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি।

শাহাদাৎ হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।