সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান বলেছেন, সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হলে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প নেই। অন্যথায় দেশ ও দেশের আগামী প্রজন্ম বর্তমানে যতটুকু এগিয়েছে তার চেয়েও বেশি পিছিয়ে যাবে।

রোববার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, গত দশ বছরে দেশের জিডিপি যে হারে বেড়েছে এই সরকার পুনরায় ক্ষমতায় এলে সেটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আজ অনেক উন্নত রাষ্ট্র বাংলাদেশকে সমিহ করে।

শামীম ওসমান আরো বলেন, বাংলাদেশকে নিয়ে ত্রিমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তি পেছন থেকে ছোবল মারতে চাইছে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে পূরণ হচ্ছে তা অনেকের সহ্য হচ্ছে না। তাই তারা দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ইসলামী ব্যাংকের ঢাকা ইস্ট জোনের প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মাদ ইয়াহিয়া, সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, কাউন্সিলর মিনোয়ারা বেগম, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, গোদনাইল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী ওয়াহিদ আলম, সাবেক ছাত্রনেতা কাজী আমির হোসেনসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।

হোসেন চিশতী সিপলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।