ব্রিজের ওপর থেকে শিশুটিকে নদীতে ফেলে দিল যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর মুক্তারপুর ব্রিজের ওপর থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হুদা লিয়ন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভোলাইল শান্তিরগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া আলী মন মিয়ার ছেলে আবদুল মজিদ তার শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানায় জিডি করেন।

জিডিতে তিনি অভিযোগ করেন, তার পাঁচ বছরের ছেলে আহাদ বাবুকে একই এলাকার একই বাড়ির ভাড়াটিয়া হারুন অর রশিদের ছেলে নাজমুল হুদা লিয়ন বেড়ানোর কথা বলে অপহরণ করে নিয়ে যায়। রাতে শিশু সন্তানকে নিয়ে লিয়ন যখন বাসায় ফিরে আসেনি তখন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোথায়ও পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে লিয়নকে পুলিশ আটক করে।

জিডির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানা পুলিশের এএসআই রোমান খান জানান, মুক্তারপুর সেতুটি মুন্সীগঞ্জ সদর থানার আওতাধীন। বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় জিডির পরে রাতে মুক্তারপুর সেতু এলাকা থেকে মুন্সীগঞ্জ থানা পুলিশ লিয়নকে আটক করে। পরে সে পুলিশের কাছে শিশু আহাদ বাবুকে সেতু থেকে নিচে ফেলে দেয়ার বিষয়টি স্বীকার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, শিশুটিকে কিছু টাকার জন্য অপহরণ এবং রাতেই মুক্তারপুর ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দেয়ার বিষয়টি লিয়ন স্বীকার করেছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। মরদেহ উদ্ধারের পর মামলা গ্রহণের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।