অন্তঃসত্ত্বা স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করল স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাদকের টাকা না দিতে পারায় সাহেরা বেগম (২৪) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী।

ঘুমন্ত অবস্থায় সাহেরাকে তার স্বামী আপেল মিয়া বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। শুক্রবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত সাহেরা বেগম উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক এলাকার আপেল মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আপেল মিয়া পলাতক রয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম বলেন, দুই বছর আগে ধোপারটেক গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সাহেরার সঙ্গে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আপেল মিয়ার বিয়ে হয়।

বিয়ের পর থেকে মাদকের টাকার জন্য সাহেরাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত আপেল। এর মধ্যে সাহেরা অন্তঃসত্ত্বা হয়।

শুক্রবার রাতে মাদকের টাকা না দিতে পারায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সাহেরা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে স্বামী আপেল ঘুমন্ত সাহেরাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

শনিবার সকালে পরিবারের সদস্যরা খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আবুল কাসেম।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।