সিদ্ধিরগঞ্জে বিএনপির ১১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির ১১৯ নেতাকর্মীর নামে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে সাতজন গ্রেফতারসহ ২৯ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়াও ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই মো. রেজাউল করিম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় রাজ টিম্বার মিলসের সামনে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে হামলা অভিযোগ আনা হয়েছে। মামলায়।
এই মামলায় সাতজনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতাররা হলেন- শাহাদাত হোসেন রনি (২১) ওমর ফারুক (১৯), আল আমিন (১৯), শরিফুল ইসলাম (১৯), আবু হানিফ (১৯), গোলজার হোসেন (৫৫) ও আমজাদ হোসেন (৫৫)
মামলায় এজাহার নামীয় পলাতক আসামিরা হলেন- বিএনপি দলীয় সাবেক এমপি মো. গিয়াসউদ্দিন, নাসিক কাউন্সিলর ইকবাল হোসেন, তৈয়ব আলী, ইসলাম, মহিউদ্দিন মোল্লা, রিয়াজুল ইসলাম রিয়াজ, আকবর হোসেন, মিনার হোসেন, আব্দুল মান্নান, মো. বিল্লাল হোসেন, শিপন, রিয়াজউদ্দিন রিয়াজ, শাহ আলম মাস্টার, হেলাল, ইমাম হোসেন বাদল, আইয়ুব আলী মুন্সী, মশিউর রহমান মশু, এম এ হালিম জুয়েল, আজহারুল ইসলাম নিপু, পলাশ, আবুল হাসেম কাজি ও পল্টু কর্মকারসহ অজ্ঞাত ৯০ জন।
মামলায় উল্লেখ করা হয়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার রাজ টিম্বার মিলসের সামনে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করতে থাকেনি বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলকারীদের নিষেধ করলে নেতাকর্মীরা পুলিশের ওপর লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে হামলা করেন। এতে দুইজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ধাওয়া করলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এ সময় সাতজনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ৯টি অবিস্ফোরিত ককটেল, ২টি কাঠের লাঠি ও ৩৭টি ছোট পাথরের টুকরা উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
হোসেন চিশতী সিপলু/আরএআর/আরআইপি