বিএনপি নেতাকর্মীসহ ১৭৪ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিল বের করে গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির ৪৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৩০ জনকে অজ্ঞাত আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে পুলিশ। এ মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপি নেতা এমএ আকবর, হাজী আবুল হোসেন, হাজী আক্তার হোসেন, বারী মো. শহিদুল্লাহ, শাহাদাত, আনোয়ার হোসেন, বাবুল মিয়া, সাইদ রেজা খান, ফারুক খান ও ফরিদ শিকদার।
এ সময় রাস্তা থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল, ১৫টি লোহার রড, ২৫টি বাঁশের লাঠি, গাড়ির ভাঙা গ্লাস উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আবু হানিফ বাদী হয়ে মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, সোমবার রাতে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৭৪ জন নেতাকর্মী বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে নাশকতার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। সেইসঙ্গে গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি মঞ্জুর কাদের বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
শাহাদাত/এএম/পিআর