কু‌ড়িগ্রামের ভাইরাল সেই তাজুর পাশে উপজেলা প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০২ এপ্রিল ২০২৬

ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলামের (তাজু) পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান রিশাদ তাজুর হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি তাজুকে বাসযোগ্য খাস জমি ও কৃষিজমি প্রদানের আশ্বাস দেন।

এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’ তাজুর জন্য ঘর নির্মাণে দুই বান্ডিল টিন ও নগদ ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

এ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাজু। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইউপি সদস্য কবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কু‌ড়িগ্রামের ভাইরাল সেই তাজুর পাশে উপজেলা প্রশাসন

তাইজুল ইসলাম তাজু নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সিরাজুল ইসলামের ছেলে ও তাহেরা বেগমের সন্তান। ছয় ভাই-বোনের মধ্যে তিনি বড়। জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রির সহকারী (হেলপার) হিসেবে কাজ করেন। কাজের ফাঁকে ফাঁকে মোবাইল ফোনে মজার ভিডিও তৈরি করতেন তাজু।

সম্প্রতি ‘তাজু ভাই ২.০’ নামের একটি ফেসবুক পেজ থেকে মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে স্থানীয় নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি দোকানদারের কাছে জানতে চান, জিলাপি সরকারি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না। সরল ভাষা ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং তিনি দেশজু‌ড়ে আলোচনায় চ‌লে আসেন।

এ বিষ‌য়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুজ্জামান রিশাদ ব‌লেন, তাজু ভাই তার এলাকার সমস‌্যাগু‌লো তু‌লে ধ‌রে‌ছেন। এটা খুবই ভা‌লো‌ দিক। আমরা স‌রেজ‌মি‌নে খোঁজ নি‌ছি। উনি খুব অসহায় ও ভূ‌মিহীন। আজ আমরা তা‌কে ডে‌কে আর্থিক সহায়তা দিয়েছি। তা‌কে খাস জ‌মিসহ আবা‌দি জ‌মির ব‌ন্দোবস্ত ক‌রে দেওয়া হ‌বে।

রোকনুজ্জামান মানু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।