দু’দিনে মনোনয়ন ফরম নিয়েছেন নারায়ণগঞ্জের ৩৭ আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:১৭ এএম, ১১ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দুইদিনে নারায়ণগঞ্জে ৫টি আসনে আওয়ামী লীগের সম্ভাব্য ৩৭ প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের ৫টি আসনের এমপিরা রয়েছেন।

দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১৬ জন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ২ জন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ৭ জন, নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্ল) আসনের ৪ জন ও নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের ৮ জন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর শুক্রবার সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যলয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করছেন নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার শুক্কুর, দফতর সম্পাদক আব্দুল আজিজ, মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার আব্দুর জব্বার পিনু, সাবেক সংসদ সদস্য সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ (বীর উত্তম) ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান সংসদ সদস্য এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম কিনেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান কালাম ও বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. হোসনে আরা বাবলি, সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর জাহান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূইয়া ও নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. শিরিন বেগম।

নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য কামাল মৃধা ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হালিম শিকদার।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহমুদা মালা ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।