মা বলতেন ময়লা, আমি দেখতাম জান্নাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১১ নভেম্বর ২০১৮

সবাইকে স্বপ্ন দেখালেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। সেই সঙ্গে নারায়ণগঞ্জবাসীর জন্য লিংক রোডের পাশে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শামীম ওসমান বলেন, মাদকের কারণে শিক্ষার্থীদের স্বপ্ন বৃথা যেতে দেব না। সব বাবা-মা নিজেদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। তারা যেন মাদকের সংস্পর্শে না যায় সেদিকে নজর রাখবেন।

রোববার বিকেলে সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে অ্যাডভেঞ্জার ল্যান্ড পার্কে নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন ইউনিটির উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

samim-osman-(3)

শামীম ওসমান অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য না দিয়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীরা লেখাপড়া করে কী হতে চায় সেই স্বপ্নের কথা জানতে চান তিনি।

শামীম ওসমান বলেন, একটি শ্রেণি আছে, যারা আমাদের স্বপ্নকে ধংস করতে চায়। যারা দেশে মাদক ছড়িয়ে দিয়েছে তারাই ওই শ্রেণি। তাই মা-বাবাদের বলব আপনাদের স্বপ্নকে দেখে রাখবেন। বিশেষ করে মা-বোনদের কাছে অনুরোধ থাকবে আমার জন্য দোয়া করবেন।

গত ৫ বছরে সাড়ে ৭ হাজার কোটি টাকার কাজ করার পরও আমার মন ভরেনি। শিশুদের জন্য কিছু করতে পারিনি। এবার এমপি হলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে আন্তর্জাতিক মানের স্কুল-কলেজ গড়ে তুলব।

samim-osman-(1)

নিজের মাকে স্মরণ করে শামীম ওসমান বলেন, আমার মা জীবিত থাকা অবস্থায় প্রতিদিন পায়ের তলায় চুমু দিতাম। সেখানে আমি জান্নাত খুঁজতাম। মা বললেন, পায়ে ময়লা আর আমি সেখানে দেখতাম জান্নাত। তাই সবাইকে বলব মা-বাবাকে সম্মান করবে।

তাহলে আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না। আমি ভোট চাই না। শুধু দোয়া চাই। যাতে আমার মৃত্যুর পর আপনারা হাত তুলে বলতে পারেন, আল্লাহ শামীম ওসমানকে মাফ করে দিও।

নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন ইউনিটির উপদেষ্টা মোমেন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সেক্রেটারি ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এনায়েতনগরের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক ও সাধারণ সম্পাদক এমএ মান্নান প্রমুখ।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।