গোপালগঞ্জে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এর আগে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১০টায় শেখ মোহাম্মাদ আব্দুল্লার নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাকিব হাসান তরফদারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মদ, রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মীর্জা, শেখ হেলালের ছেলে ও বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সারহান হোসেন তন্ময়, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এস এম হুমায়ূন কবীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।