গোপালগঞ্জে বিএনপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৮

গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি ও অঙ্গসংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরকে দলের পক্ষ থেকে এ ব্যাপারে চিঠি পাঠানো হয়।

গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপ, এলাকার সঙ্গে যোগাযোগ না রাখা, দুঃসময়ে নেতা-কর্মীদের কোনো খোঁজ খবর না নেয়া, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কোনো কর্মসূচি পালন না করে দলীয় কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখাসহ দলীয় নেতা-কর্মীদের না জানিয়ে গোপনে ব্যক্তিগত কর্মচারীদের মাধ্যমে দলীয় মনোনয়নপত্র দাখিলের অভিযোগ আনা হয়।

সভায় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান পিনু, বিএনপি নেতা শরীফ রাফিকুজ্জামান, জেলা যুবদল সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা ছাত্রদল সভাপতি মো. মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দল সভাপতি আজিজুর রহমান অজিজ ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ শেখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

তবে অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, যারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তারা গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ঢাকায় এসে বিএনপি করেন। তাদের এ সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্রবিরোধী ও ভিত্তিহীন।

উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও ডা. একেএম বাবরের পক্ষে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।

হুমায়ূন কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।