বাগমারায় আ.লীগ কর্মীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ০১ ডিসেম্বর ২০১৮
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় চঞ্চল কুমার (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহত চঞ্চল কুমার বাগমারার তাহেরপুর পৌরসভার মাস্টারপাড়া মহল্লার নরেন কুমারের ছেলে। মরদেহ রামেক হাসপাতাল মর্গে নিয়েছে পুলিশ।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে চঞ্চল কুমারকে হাসপাতালে নেন স্বজনরা। হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ মর্গে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তাহেরপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন চঞ্চল। এসময় সুমন, বিপ্লব ও মাসুদের নেতৃত্বে একদল লোক তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে পিটিয়ে মারাত্মক যখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে এলাকার একটি ক্লিনিকে নেন স্বজনরা। অবস্থার অবনতি হওয়ায় বিকেলেই তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সম্প্রতি উপজেলার জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে মারামারি হয়। ওই সময় বিদ্যালয়টির শিক্ষক গুলবর আলীকে মারধর করে প্রতিপক্ষ চঞ্চল কুমারসহ অন্যরা। এরই জেরে শনিবার চঞ্চল কুমারের উপর হামলা হয়। হৃদরোগী হওয়ায় সামান্য মারধরেই তিনি মারা গিয়ে থাকতে পারেন।

ওসি বলেন, হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

ফেরদৌস সিদ্দিকী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।