ইরানের নতুন লক্ষ্যবস্তু: ইসরায়েল-মার্কিন ব্যাংক ও অর্থনৈতিক স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১১ মার্চ ২০২৬
ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের হামলার নতুন লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক এবং অর্থনৈতিক কেন্দ্রগুলো। এসব অর্থনৈতিক স্থাপনায় হামলা চালানো হবে বলে বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্যাংকে চালানো যৌথ বাহিনীর হামলায় কর্মকর্তা নিহত হবার প্রতিক্রিয়ায় ইরান এমন সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতম আল-অনবিয়া-র মুখপাত্র বলেন, গত রাতে আমেরিকান ও জায়োনিস্ট সন্ত্রাসী বাহিনী তাদের সামরিক লক্ষ্যগুলোতে হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ইরানের একটি ব্যাংককে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তিনি আরও সতর্ক করেছেন, ওই অঞ্চলের মানুষরা ব্যাংকের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থান করবেন না।

হামলায় তেহরানের একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ইরানের অন্যতম বড় সরকারি ব্যাংক সেপাহ-এর সঙ্গে যুক্ত।

এদিকে আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় কতজন কর্মী হতাহত হয়েছে তা এখনও জানা যায়নি।

এর আগে, বুধবার (১১ মার্চ) ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলের দিকে একটি বিস্তৃত ক্ষেপণাস্ত্র হামলা চালাবে যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে শক্তিশালী ভারী হবে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।