২৯ তারিখ পর্যন্ত সহ্য করব : মান্না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে কতো মানুষের জীবন গেছে, কতো মা বোনের কোল খালি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আপনাদের নারায়ণগঞ্জের ত্বকী হত্যার বিচার হয় নাই। এতোদিন পরে আমাদের প্রধানমন্ত্রী বলছেন-‘যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিন।’ আমরা ভালো মানুষ। আমাদের মনের মধ্যে দয়া আছে, আমরা মাফ করতে চাই। কিন্তু একই সঙ্গে আমরা বলি আপনিও আমাদের মাফ করে দেন। যে অত্যাচার করছেন এখন পর্যন্ত দেশের মানুষ আপনাদের কিছুই বলেনি।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা স্টেডিয়ামে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সারাদেশে যেখানেই গিয়েছি মঞ্চ করতে দেয়নি। বাধা দিয়েছে। মাইক কেড়ে নিয়েছে। হামলা করেছে। মামলা করেছে। কিন্তু জনগণের কণ্ঠ বন্ধ করতে পারে নাই। ওরা মনে করে রাতের বেলা দুজন লোক গ্রেফতার করলে, তিনটা লোক ভয় দেখালে, ট্রাক নিয়ে মিছিল বের করলে এই মানুষগুলো ভয় পেয়ে যাবে। ঘরের মধ্যে ঢকে পড়বে। কিন্তু তা কখনো হবে না। ১০ বছর ধরে অনেক সহ্য করেছি। ২৯ তারিখ পর্যন্ত সহ্য করবো। এরপর আর করবো না। ভোট দিব। ওরা বলে যতই ভোট দাও লাভ হবে না। যারা এই হাত দিয়ে দুর্নীতি করবে তাদের হাত ধপাস করে ধরে ফেলেন। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা সোনার বাংলা গড়তে যাই।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশ গত ৫ বছরে লুটের বাজার হয়েছে। এক বাংলাদেশ ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চুরি গেছে। কোনো ব্যবস্থা নেয়া হয় নাই। চারটা বড় বড় ব্যাংক থেকে লুট করে টাকা খেয়ে ফেলেছে তার কোনো ব্যবস্থা হয়নি। শেয়ার বাজার লুট করা হলে অনেকগুলো মানুষ আত্মহত্যা করেছে তার কোনো ব্যবস্থা হয়নি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আজ এই যে এতো চেষ্টা করলেন বাধা দিতে, তারপরও নদী পার হয়ে এসে দেখি মানুষ আর মানুষ। বেশি কথা বললে হবে না। যাদের বিরুদ্ধে লড়াই করছেন ওরা হলো খল। খল বুঝেন? চতুর। জনকল্যাণের, মানুষের উপকারে কোনো চিন্তা নাই। শীতলক্ষ্যার পানি পচে গন্ধ হয়ে গেছে চিন্তা নাই। এখানকার ত্বকী হত্যার বিচার নাই।

তিনি বলেন, এই ট্রাকের উপর সভা করছি কেন? এখানে তো মঞ্চ হবার কথা ছিলো। সারা মাঠের মধ্যে মাইক থাকবার কথা ছিলো। রাস্তার মধ্যে মাইক থাকবার কথা ছিলো। সমস্ত বন্দরের মানুষ এই সভার কথা শোনার জন্য তৈরি ছিলো। আমি বলি, এতো কিছু করেও কথা শোনানো কি বন্ধ করা গেছে?

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, গণফোরামের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নু প্রমুখ।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।