স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়ডাউটি গ্রামে যৌতুক না দেয়ায় স্বামীর নির্যাতনে স্ত্রী নিহতের ঘটনায় করা মামলায় স্বামী আনিচুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তালিয়ান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বড়ডাউটি গ্রামের আনিচুর রহমান যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে প্রায়ই নির্যাতন করত। একই দাবিতে গত মাসের ২৯ ডিসেম্বর বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনে না দেয়ায় স্ত্রীকে মারপিট করে।
এতে শিউলি খাতুন অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে ভর্তি করেনি স্বামী। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্ত্রীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুইজনকে আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে আনিচুরকে গ্রেফতার করা হয়। এ মামলার অন্য আসামি নিহতের শাশুড়িকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার কনক কুমার দাস।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।