ভাড়াটিয়ার ছেলেকে বলাৎকারের পর হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নয়াআটির রসুলবাগ এলাকায় তানজিল (৭) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা- ওই শিশুটিকে বলাৎকার শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রসুলবাগ এলাকার আলমখানের ভাড়া বাড়ির তালাবদ্ধ একটি ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে ওই বাড়ির কেয়ারটেকার নাজমুল পলাতক রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যা থেকে তানজিল নিখোঁজ ছিল। নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর বাবা আনোয়ার মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন।

থানা থেকে আনোয়ার মিয়া বাড়ি ফিরে স্থানীয়দের সহযোগিতায় সন্তানকে খুঁজতে থাকেন। এ সময় আলমখানের বাড়ির একটি স্টোর রুমে ড্রামের নিচে তানজিলের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত তানজিল যশোর জেলার কোতোয়ালি থানার সুলতানপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। আনোয়ার মিয়া পরিবার নিয়ে রসুলবাগ এলাকার আলমখানের বাড়িতে ভাড়া থাকেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহিদী ইমরান সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একজনকে সন্দেহ করা হচ্ছে। সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করলে পারলেই এ হত্যার আসল রহস্য বের হয়ে আসবে।

হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।