ফেরিঘাটে ধস্তাধস্তির পর পদ্মায় ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এক যাত্রীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মো. রেজাউল শিকদার (৩৫) নামে এক যুবক।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রেজাউল গোয়ালন্দ উপজেলার বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা রিয়াজুল শেখ জানান, বিকেলে ফেরিতে ওঠার সময় জনৈক এক যাত্রীর সঙ্গে রেজাউলের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পন্টুনের ওপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে রেজাউল নদীতে লাফ দেন। তাকে ধরতে ওই যাত্রীও নদীতে ঝাঁপ দেন। তবে স্থানীয়রা দ্রুত ওই যাত্রীকে উদ্ধার করতে পারলেও রেজাউল সাঁতরে তীরে ওঠার চেষ্টা করার সময় প্রবল স্রোতে তলিয়ে যান।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. আব্দুল বাছেদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে মানিকগঞ্জ থেকে ডুবুরি দল আসলে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শুরু করি। রাত সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চললেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল আবারও অভিযান চালানো হবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, তাদের কোনো কর্মকর্তা-কর্মচারী কাউকে নদীতে পড়ে যেতে দেখেন নাই। তবে স্থানীয় কিছু ব্যক্তি দাবি করছে, কেউ একজন নদীতে পড়ে গেছে। তাদের তথ্যের ভিত্তিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েছে, কিন্তু কাউকে পায় নাই। অন্ধকারের কারণে অভিযান বন্ধ রয়েছে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায় নাই।

রুবেলুর রহমান/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।