নওগাঁয় জামায়াতে যোগ দিলেন পাঁচ হিন্দু যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ৫ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনি সভায় তারা দলটিতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাদেরকে মালা পরিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগ দেওয়া যুবকরা হলেন, শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুল পাড়া গ্রামের শ্রী কালিদাস, শ্রী শুভ, শ্রী খলিল, শ্রী সজিব রায় এবং শ্রী রাজকুমার।

জামায়াতে ইসলামীতে যোগদানের পর অনুভূতি ব্যক্ত করে শ্রী রাজকুমার বলেন, বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে জামায়াতের আদর্শ ভালো লেগেছে। তাদের কথা এবং কাজের সঙ্গে মিল পেয়েছি। যার কারণে দলে যোগ দিয়েছি। তাদের সঙ্গে থেকেই রাজনীতি করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আগামীর বাংলাদেশে বিভাজনের কোনো রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন জামায়াতে যোগ দিচ্ছেন। মানুষ ৫ আগস্টের পর থেকে পরিবর্তন দেখতে চায়। জামাতের হাত ধরেই সেই পরিবর্তন দেখতে পারবে ইনশাল্লাহ।

এ সময় অনুষ্ঠানে এনসিপির যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস এম জুবায়ের, নিয়ামতপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরমান হোসেন রুমন/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।