বাড়ির গেটে তরুণীর লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০২ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলার একটি বাড়ির গেটের সামনে থেকে অজ্ঞাত (২৪) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের জামতলার হাজি ব্রাদার্স রোডের মৃত ইউনুছ বেপারীর বাড়ির গেটের সামনে থেকে এ তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির দারোয়ান ইদ্রিস আলী বলেন, সকালে বাড়ির আঙিনা ঝাড়ু দেয়ার সময় একটি মরদেহ দেখতে পাই। মরদেহ দেখে বাড়ির ম্যানেজারকে জানাই। এ সময় আশপাশের লোক জড়ো হলে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের উপ-পরিদর্শক ফজলুল হক ও সঙ্গীয় ফোর্স এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাড়ির মালিকের ছেলে জসিম উদ্দিন বলেন, শনিবার সরকারি ছুটি থাকায় বাসা থেকে বের হইনি। সকালে বাড়ির দারোয়ান ও ম্যানেজার এসে মরদেহ পড়ে থাকার খবর দেয়। পরে পুুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। কীভাবে আমাদের বাড়ির আঙিনায় তরুণীর মরদেহ আসল তা বুঝতে পারছি না।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, বাড়ির মালিকের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে এটি নিশ্চিত। তরুণীকে অন্য স্থানে হত্যা করে এই বাড়ির আঙিনায় মরদেহ ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি-না তা জানতে ময়নাতদন্ত করা হবে।

শাহাদাত/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।