ডোবায় মিলল শিকলে বাঁধা লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২০ পিএম, ০৪ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডোবা থেকে শিকলবাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার পাগলায় অবস্থিত নৌ-বাহিনীর ক্যাম্পের পূর্ব পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে অবস্থিত একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পা ও কোমর শিকলে বাঁধা ছিল। শিকলে বাঁধা পায়ে একটি তালাও মারা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজখবর নেয়া হচ্ছে। ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাত হোসেন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।