কুমিল্লায় ২৬ জনের মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৭ মার্চ ২০১৯

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লায় ৩টি পদে ২৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১ জন একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

এছাড়া বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়ায় বরুড়া ও মনোহরগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কোনো প্রার্থী নেই। বুধবার দিনব্যাপী জেলার ১৩টি উপজেলার মনোনয়নপত্র বাছাই শেষে রাতে এসব তথ্য জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে দেবিদ্বারে ১ জন, মুরাদনগরে ১ জন, হোমনায় ১ জন, তিতাসে ১ জন, বরুড়ায় ১ জনসহ ৫ জনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাতিল করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে দেবিদ্বারে ১ জন, মুরাদনগরে ২ জন, বুড়িচংয়ে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, মেঘনায় ১ জন, তিতাসে ১ জন, বরুড়ায় ৩ জন, নাঙ্গলকোটে ২ জনসহ ১৪ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মুরাদনগরে ২ জন, চান্দিনায় ১ জন, মেঘনায় ১ জন, বরুড়ায় ১ জন, নাঙ্গলকোটে ১ জন ও মনোহরগঞ্জে ১ জনসহ ৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে।

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ২৫০ জন ভোটারের সমর্থন স্বাক্ষরে গড়মিল, ঋণখেলাপী, হলফনামায় তথ্য গোপন, আয়কর রিটার্ন না দেয়াসহ বিভিন্ন কারণে ২৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা ৭, ৮ ও ৯ মার্চ রিটার্নিং অফিসার বরাবর আপিল করতে পারবেন।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কুমিল্লায়। গত ৪ মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিনে কুমিল্লার ১৩টি উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৪০ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪৮ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

কামাল উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।