অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১০ মার্চ ২০২৬

যশোরের বাঘারপাড়ায় বিনা অনুমতিতে পুকুরের মাটি কাটার দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়। এসময় মাটি খনন ও বহনের সঙ্গে সংশ্লিষ্ট উপকরণও জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে, ভিটাবল্লা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মাটি উত্তোলন করে পরিবহন করা হচ্ছে। পরে দুপুরের দিকে ওই স্থানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু তোলা ও মাটি কাটার দায়ে ভিটাবল্লা গ্রামের ইনসার মোল্লার ছেলে নাসির উদ্দিন (৩৮), একই গ্রামের ইয়াকুব সর্দারের ছেলে আব্বাস সর্দার (৪০) ও মাগুরার শালিখা উপজেলা ঝুনারি গ্রামের টিপু মোল্লার ছেলে রিয়াজ হোসেন বিপ্লবকে (২১) এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে তিনমাস করে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে মটি কাটা ও বহনের কাজে জড়িত থাকায় একটি ভেকু মেশিন এবং একটি ট্রাক্টরসহ ট্রলি জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, অবৈধভাবে বালু উত্তোল ও মাটি কাটার ফলে পরিবেশ, গ্রামীণ সড়ক ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এগুলো রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।