ভোট থেকে সরে দাঁড়ালেন বর্তমান উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৩ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুজাহেদুর রহমান সরকারকে সমর্থন দিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শাহজালাল মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করায় নির্বাচনী মাঠ ফাঁকা হয়ে গেলো মুজাহেদুর রহমান সরকারের।

বুধবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া, আওয়ামী লীগের প্রার্থী মুজাহেদুর রহমান সরকার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা আবুল হাসেম, প্রকৌশলী গোলাম মোহাম্মদ ও শিল্পপতি আজাদ খান সোহাগ।

এর মধ্যে আওয়ামী লীগ নেতা আবুল হাসেম, প্রকৌশলী গোলাম মোহাম্মদ ও আজাদ খান সোহাগের প্রার্থিতা বাতিল হয়ে যায়। বাকি তিনজনের মধ্যে শাহজালাল প্রত্যাহার করে নেয়ায় আওয়ামী লীগ প্রার্থী মুজাহেদুর রহমান সরকারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ইকবাল মোল্লার প্রতিদ্বন্দ্বিতা হবে।

এদিকে, প্রার্থিতা ফিরে পেতে আজাদ খান সোহাগ উচ্চ আদালতে আপিল করেছেন বলে জানা গেছে। যদি তিনি প্রার্থিতা ফিরে পান তাহলে তিনজন এ নির্বাচনে লড়বেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, উপজেলা নির্বাচনে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী শাহজালাল মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।