ধাক্কা দিয়ে ছেলেকে বাঁচিয়ে মারা গেলেন বাবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৩ মে ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেকে বাঁচাতে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন নূর হোসেন (৫০) নামে এক বাবা। এ ঘটনায় রিকশাচালকও নিহত হয়েছেন। এতে সামান্য আহত হয়েছেন ছেলে নোমান (৩০)। রিকশা নিয়ে বেড়িয়ে প্রথম দিনেই মারা গেলেন ওই রিকশাচালক। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদশা আলম শুক্রবার দুপুরে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আদমজী থেকে ঢাকাগামী একটি ট্রাক (চট্টমেট্রো-শ-১১-১৮৫৬) দ্রুত গতিতে এসে রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। অপরদিকে রিকশার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

নিহতরা হলেন- রিকশার যাত্রী নূর হোসেন (৫০) ও চালক আকাশ (১৭)। নিহত নূর হোসেন ঢাকার গুলিস্তানের কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মঞ্জুরখোলা গ্রামের মোহাম্মদ আলী মিয়ার ছেলে। নিহত রিকশা চালক আকাশ নেত্রকোনার মোহনগঞ্জের সাতু গ্রামের মাজাহারুলের ছেলে। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত নূর হোসেনের ছোট ভাই সিরাজ বলেন, আমার বড় ভাই ঢাকায় কাপ্তান বাজারে মুরগির ব্যবসা শেষে ছেলে নোমানকে নিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। ছেলেকে বাঁচাতে তিনি তাকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন। এতে নোমান বেঁচে গেলেও তিনি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।

নিহত রিকশাচালকের বড় বোন বলেন, মায়ের কাছে দোয়া চেয়ে আমার ভাই রিকশা নিয়ে বের হয়েছিল। আয়-রোজগার করতে গিয়ে প্রথম দিনেই সে মারা গেল।

হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।