এবার কাউন্সিলর ডিস বাবুর দুই অস্ত্র জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০১ এএম, ০৮ মে ২০১৯

এবার নারায়ণগঞ্জের আলোচিত সমোলাচিত ডিস ব্যবসার নিয়ন্ত্রক কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবুর দুটি অস্ত্র জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ডিস বাবুর শহরের পাইকপাড়া আমেনা মঞ্জিলের বাড়ি থেকে এসব অস্ত্র জব্দ করে।

জব্দ করা অস্ত্রের মধ্যে একটি বিদেশি নাইন এমএম পিস্তল এবং একটি শর্টগান রয়েছে। এছাড়া উভয় অস্ত্রের ৯টি গুলি জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার অস্ত্রগুলো যাচাই বাছাই করার জন্য এনেছি। এসব অস্ত্র কোন কোন কাজে সে ব্যবহার করেছে তা যাচাই করছি। এছাড়া সে এখন পর্যন্ত কতগুলো গুলি কিনেছে আর সেসব গুলি কোথায় কোথায় ব্যবহার করেছে তাও তদন্ত হচ্ছে। কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবু চারটি চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছে।

ডিস বাবু তার লাইসেন্স করা অস্ত্র যততত্র প্রদর্শন, অবৈধ কাজে ব্যবহার করতেন। এমন অভিযোগের ভিত্তিতেই তার অস্ত্র জব্দ করে পুলিশ। এমনকি এসব অভিযোগে বাবুর বিরুদ্ধে মামলা হতে পারে এবং তার অস্ত্রের লাইসেন্সও বাতিল হতে পারে বলে জানান এ কর্মকর্তা।

গত ১৭ এপ্রিল কাউসার নামে এক ব্যক্তি ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বন্দর থানায় বাবুর বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ফতুল্লা থানায় মো. মোক্তার হোসেন এবং কুসুম বাদী হয়ে ২১ এপ্রিল পৃথক দুটি চাঁদাবাজির মামলা দায়ের করেন তার বিরুদ্ধে। এছাড়াও আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের হয় সদর মডেল থানায়। এরমধ্যে কাউসারের মামলায় আদালত তাকে জামিন দিলেও অন্য দুটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাবুকে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে সব থেকে আলোচিত ও সমালোচিত কউন্সিলর ছিলেন নূর হোসেন। তিনি এখন ৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তবে ২০১৬ সালের সিটি নির্বাচনে এই ২৭টি ওয়ার্ডের মধ্যে বেশ আলোচনায় রয়েছেন আব্দুল করিম বাবু।

শাহাদাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।