ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৮ মে ২০১৯

কুমিল্লায় পূর্ব-শত্রুতার জের ধরে আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় কসাই আলম নামের এক সন্ত্রাসী।

বুধবার রাত ৮টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি বালুতোপা গ্রামের মৃত চারু মিয়ার ছেলে।

এদিকে, ওই হত্যার পর ঘাতক কসাই আলম (৩৫) পালিয়ে যাওয়ার সময় তাকে উত্তেজিত জনতা আটক করে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি একই গ্রামের হালিম মিয়ার ছেলে।

নিহত আলী আকবরের ভাগিনা ইয়াসিন জানান, তার মামা আলী আকবর বুধবার ইফতারের পর তার এক নিকটাত্মীয়ের জানাজা শেষে বালুতোপা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বালুতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছালে কসাই আলমের সঙ্গে পূর্ব-বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে কসাই আলম এলোপাতাড়ি ছুরিকাঘাতে আলী আকবরকে মারাত্মক আহত করে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কসাই আলমকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর রাত পৌনে ৯টার দিকে মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।