ডিবি পরিচয় দিয়ে তাদেরকে তুলে নিয়ে গেছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৩ মে ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মার্কেটের মোবাইলের দোকান থেকে ডিবি পরিচয়ে ২ জনকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন, সাইদ আহমেদ খান আকাশ (২০) ও দোকানের কর্মচারী জুয়েল বেপারী (২০)। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলের মালামাল নিয়ে গেছে।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার বদরুদ্দীন শপিং টাওয়ারের নিচতলার আকাশ টেলিকম নামে মোবাইলের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ আকাশের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দুপুর ১টার দিকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে ৬ জন লোক এসে নগদ ৮ লাখ ২৬ হাজার ৫২০ টাকা ও মোবাইল মালামালসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় দোকান মালিক সাইদ আহমেদ খান আকাশ ও দোকানের কর্মচারী জুয়েল বেপারীকে তুলে নিয়ে যাওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানান, ডিবি পরিচয়ে ২ জনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। নিখোঁজ দুইজন ও মালামাল উদ্ধারে তদন্ত চলছে।

হোসেন চিশতী সিপলু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।