তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৭ মে ২০১৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মো. মাসুম খন্দকার (৩৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৬ মে) রাতে নোয়াপাড়া-দক্ষিণ রূপসী এলাকায় এ ঘটনা ঘটে।

মাসুম ওই এলাকার মো. ফজর আলী খন্দকারের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ব্যবসায়ীর বাবা মো. ফজর আলী খন্দকার বাদী হয়ে রূপগঞ্জ থানায় আজ দুপুরে একটি অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একজন ভিখারি নোয়াপাড়ায় হাজী দারগালি জামে মসজিদে আসরের নামাজের সময় সাহায্য চাইতে আসেন। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মোস্তফা ওই বিখারিকে ধমক দেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ফজর আলী মোস্তফাকে ধমক দিতে নিষেধ করলে মোস্তফা তার ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে অন্য মুসল্লিদের সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন মোস্তফা। মাসুম খন্দকার তার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা মাসুমকে হুমকি দিয়ে চলে যান। তারাবিহ নামাজ শেষে মাসুম মসজিদ থেকে বের হতেই মো. ইসহাক ও মোস্তফার নেতৃত্বে তার ওপর অতর্কিতে হামলা চালায় স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মীর আব্দুল আলীম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।