ইয়াবাসহ আটক ছাত্র নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২২ মে ২০১৯

ইয়াবা ট্যাবলেটসহ সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র ফেডারেশনের সভাপতি কাজী জোবায়ের রহমান আশিককে (২২) গ্রেফতারের ঘটনায় পুলিশের সঙ্গে তার সহযোগীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

এসময় পুলিশের কাছ থেকে কাজী আশিককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের তিন সদস্য আহত হন। গতকাল মঙ্গলবার রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে স্পেশাল ডিউটি করাকালীন উত্তর আজীবপুর কোনাবাড়ীর সামনে কাজী জোবায়ের রহমান আশিক ও তার সহযোগী কাউছার রিকশাযোগে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। এসময় আশিকের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়ার সময় আজিবপুর রেললাইন এলাকায় পৌঁছালে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র ফেডারেশনের সভাপতি কাজী জোবায়ের রহমান আশিকের সহযোগী মোতাহের হোসেন, কাজী বাবুল, কাজী মনির, কাজী বাপ্পি, তার ভাই শাওন, মহর, মীরসহ অজ্ঞাত ৩০-৩৫ জন পুলিশের গাড়ির গতিরোধ করে পুলিশের ওপর চড়াও হয়। এসময় আশিকের সহযোগীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে তারা আশিককে ছিনিয়ে নেয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মীর শাহীন শাহ পারভেজের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে কাজী জোবায়ের রহমান আশিক, কাজী মোতাহার হোসেন ও কাজী বাবুলকে গ্রেফতার করে। পরবর্তীতে ইয়াবা উদ্ধার ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আসামিপক্ষের লোকজনের সঙ্গে ধস্তাধস্তি ঘটনায় পুলিশের কনস্টেবল দ্বীপক কুমার, জাহাঙ্গীর ও জমসের আলম আহত হন।

মীর শাহীন শাহ পারভেজ বলেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় একটি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় একটি মামলা করা হয়েছে।

হোসেন চিশতী সিপলু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।