লালমনিরহাটে ভিজিএফের ৬৫ বস্তা চাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:০৯ এএম, ০৯ অক্টোবর ২০১৯

লালমনিরহাটের একটি রাইস মিলের গোডাউন থেকে ভিজিএফের ৬৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোজি রাইস মিলের মালিক ইকবাল হোসেনকে (৩৯) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাতে শহরের ডাইলপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) টিএম রাহসিন কবির।

সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন লালমনিরহাট পৌরসভার ডাইলপট্টি এলাকার আকবর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে ডাইলপট্টি এলাকার রোজি রাইস মিলের গোডাউনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) টিএম রাহসিন কবির। এ সময় গোডাউনে ৬৫ বস্তা ভিজিএফের সরকারি চাল পাওয়া যায়। সরকারি চাল গোডাউনে রাখার দায়ে মিলের মালিক ইকবাল হোসেনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, সাজাপ্রাপ্ত ব্যবসায়ী ইকবাল হোসেনকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রবিউল হাসান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।