যশোরাঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের হুমকি
মহাসড়ক সংস্কার ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে যশোরাঞ্চলের ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার সমিতির কার্যালয়ে এক সভা করে ধর্মঘটে যাওয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে লিখিতভাবে অবহিত করতে পত্র পাঠানো হয়েছে।
সভার সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি পবিত্র কাপুড়িয়া।
সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোরাঞ্চলের মহাসড়কগুলোর বেহাল দশা। চলাচলে অনুপযোগী রাস্তায় গাড়ি চলাচল করতে গিয়ে স্প্রিং, পাতি ভেঙে যাওয়াসহ বিভিন্ন ক্ষতি হচ্ছে। এতে গাড়ির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে মহাসড়ক মেরামত করে দ্রুত গাড়ি চলাচলের উপযোগী করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাস্তা খারাপের পাশাপাশি সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে সড়কে চলছে অবৈধযান থ্রি-হুইলার, মাহেন্দ্র, জেএসএ, নসিমন, করিমন, ভটভটি ও ব্যাটারি চালিত ইজিবাইক। এ অবৈধ যানবাহন ৩১ অক্টোবরের মধ্যে চলাচল বন্ধ না হলে ১ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালন করা হবে। এরপরও প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এ অঞ্চলের ১৮ রুটে ধর্মঘট পালিত হবে।
আর কর্মসূচি বাস্তবায়নসহ এবিষয়ে বিস্তারিত অবহিত করতে ২৪ অক্টোবর সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করবে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টুসহ বিভিন্ন মালিক সমিতির প্রতিনিধিরা।
মিলন রহমান/এমএএস/আরআইপি