নাতির স্মৃতিবিজড়িত ফারাজ মঞ্জিলে নানার বিদায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক চৌদ্দগ্রাম (কুমিল্লা)
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০১ জুলাই ২০২০

হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহত আদরের নাতি ফারাজ আইয়াজ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীর দিন পৃথিবী থেকে বিদায় নিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।

বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিসানে জঙ্গি হামলায় নাতি ফারাজ আইয়াজ হোসেন নিহত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন লতিফুর রহমান। এরপর নাতি ফারাজের মৃত্যুর পর তার নামে তৈরি করেন নান্দনিক বাড়ি ফারাজ মঞ্জিল।

দীর্ঘ চার বছর পর বুধবার ছিল আদরের নাতি ফারাজ আইয়াজ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ দিনই মৃত্যুবরণ করেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। দীর্ঘ দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। বেশির ভাগ সময় তিনি গ্রামের বাড়িতেই থাকতেন বলে নিশ্চিত করেছেন বাড়ির কেয়ারটেকার মো. হুমায়ুন।

লতিফুর রহমান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার মালিক। এছাড়া আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট ও কেএফসি, পেপসি এবং ফিলিপসের বাংলাদেশে ফ্রাঞ্চাইজির মালিক ছিলেন তিনি।

তিনি ২০১২ সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।