সাংবাদিক ছেলের জন্য ন্যায়বিচার নিয়ে শঙ্কায় মুক্তিযোদ্ধা বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৬ জুলাই ২০২০

কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরীর ওপর হামলার নির্দেশদাতা হিসেবে এজাহারনামীয় আসামী স্থানীয় দারোরা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া ভার্চুয়াল আদালত থেকে জামিন লাভ করেছেন। রোববার দুপুরে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খানের ভার্চুয়াল আদালত থেকে জামিন পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালতের পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ।

এর আগে শনিবার দুপুরে চেয়ারম্যান শাহজাহান বাহিনীর লোকজন সাংবাদিক শরিফ চৌধুরীর মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বাড়িতে হামলা চালিয়ে হাতুড়ি পেটা করে তার হাত-পা ভেঙে দেয় এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় তার মুক্তিযোদ্ধা বাবা আব্দুল মতিন চৌধুরী ও বৃদ্ধা মাকেও আহত করা হয়। এ ঘটনায় পুলিশ সন্ধ্যায় ওই চেয়ারম্যানকে আটক করেছিল।

সাংবাদিক শরিফুল আলম চৌধুরীর বাবা আহত মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী বলেন, চেয়ারম্যানকে প্রধান আসামি করে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। কিন্তু দুপুরে শুনলাম হামলার নির্দেশদাতা ও প্রধান আসামি চেয়ারম্যানের জামিন হয়ে গেছে। তিনি (চেয়ারম্যান) বিকেলে এলাকায় এসে দলবল নিয়ে করোনার মাঝেও শো-ডাউন করে উল্লাস করেছেন বলে শুনেছি। এখন আর কার কাছে বিচার চাইব। ক্ষমতার কাছে হয়ত ন্যায়বিচার পাব না। আল্লাই এখন ভরসা।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শরীফের পাশে থাকা তার স্ত্রী রুমানা আক্তার জানান, তার (শরীফ) শারীরিক অবস্থা ভালো না। হাত-পা ভেঙে দেয়া হয়েছে। তীব্র যন্ত্রণায় সে ছটফট করছে। মাথায় ধারালো অস্ত্রের আঘাতের কারণে প্রচুর রক্ত গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার জন্য ডাক্তারদের পরামর্শ থাকলেও আমাদের সেই সামর্থ্য নেই।

তিনি আরও বলেন, আমাদের সংসারে সাড়ে ৩ বছরের একটি ছেলে সন্তান আছে। এখন স্বামীর জীবন-মরণের এই সংকটে সকলের দোয়া চাই।

এদিকে সাংবাদিক শরীফ চৌধুরী ও তার মুক্তিযোদ্ধা বাবার উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন। তারা অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

রাতে মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম জানান, ঘটনার পর থেকে হামলায় জড়িতরা এলাকায় নেই, তাই তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।