কুমিল্লায় করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৯ জুলাই ২০২০
ফাইল ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

দুপুরে কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চার নারীসহ ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চয়ন কুমার ও রেহানা বেগম নামে দুইজন মারা গেছেন। চয়ন কুমার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সচিল চন্দ্র পালের ছেলে এবং রেহানা বেগম বুড়িচং উপজেলার আমির হোসেনের স্ত্রী।

এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), একই উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), চান্দিনা উপজেলার আবদুল্লাহর মেয়ে ফিরোজা বেগম (৬০), চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫), মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮) ও চাঁদপুরের মতলব উপজেলার নিখিল সরকারের ছেলে নারায়ণ সরকার (৪০)।

ডা. সাজেদা খাতুন জানান, এখন পর্যন্ত আক্রান্ত ও উপসর্গ নিয়ে করোনা ইউনিটে মারা গেছেন মোট ১৮৪ জন। এদের মধ্যে করোনা পজিটিভ নিয়ে ৬৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১১২ জন মারা গেছেন।

এদিকে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১২৪ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।