মসজিদে বিস্ফোরণে নিহত মুয়াজ্জিনের পরিবারকে অর্থমন্ত্রীর সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মারা যাওয়া মুয়াজ্জিন দেলোয়ার হোসেন ও তার বড় ছেলে জোনায়েদের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাদের পরিবারকে অর্থমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ এক লাখ টাকা ও বাছুরসহ তিনটি গাভি সহায়তা দেয়া হয়েছে। মুয়াজ্জিন দেলোয়ার হোসেনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাড়িতে অর্থমন্ত্রীর পক্ষ থেকে দেলোয়ার হোসেনের পরিবারকে এ সহায়তা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কেএম সিংহ রতন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য আবুবকর সিদ্দিক আবু, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খ ম জিল্লুর রহমান।

মুয়াজ্জিন দেলোয়ার হোসেনের শ্বশুর মাস্টার হাবিবুর রহমান বলেন, আমরা অর্থমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি চরম বিপদে দেলোয়ারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

Comilla-Finance-Minister-Help

দেলোয়ার হোসেনের ভাই জাফর আহম্মদ বলেন, দেলোয়ার হোসেন ও তার ছেলে জোনায়েদের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। বর্তমানে দেলোয়ার হোসেনের স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। এ অবস্থায় অর্থমন্ত্রী ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা করায় পরিবারটি উপকৃত হয়েছে।

৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে এক শিশুসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মসজিদের মুয়াজ্জিন হাফেজ দেলোয়ার হোসেন (৪৭) ও তার বড় ছেলে জোনায়েদ (১৭) নিহত হন। পরদিন রাতে তাদের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।