কারও কাছে লাখ টাকা দেখলেই গাড়িতে তুলে নেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০
আন্তঃজেলা ডাকাত দলের গ্রেফতার চার সদস্য

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে একাধিক স্থানে টাকা লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুরের শ্রীবরদী থানার ধাতুয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে সুমন মিয়া (৪৫), ভোলার তজুমুদ্দিন থানার শাহজাহানের ছেলে গাড়িচালক ইউসুফ (৫২), জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপাড়া গ্রামের মৃত আনারুলের ছেলে আপেল (৩৩) ও যশোর সদরের জমজমপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে মনির (৪৫)।

এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জেলায় সম্প্রতি নগদ অর্থ বহনকারীদের জোরপূর্বক গাড়িতে উঠিয়ে ছিনতাই করে ভিকটিমকে নির্জন স্থানে ফেলে পালিয়ে যেত ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রতারক চক্র। গত তিন মাসে জেলার বিভিন্ন স্থানে তিনটি ঘটনায় ২২ লাখ ৫৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় চক্রটি। কারও কাছে লাখ টাকা দেখলেই গাড়িতে তুলে নিয়ে ছিনতাই করেন তারা।

Comilla-Arrest

গত ২১ জুলাই সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পাঁচ লাখ আট হাজার টাকা, ১২ আগস্ট কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌরসভার মহিলা কলেজের সামনে থেকে ১২ লাখ টাকা এবং সর্বশেষ ২১ সেপ্টেম্বর দাউদকান্দির গৌরিপুর থেকে বিকাশ ব্যবসায়ীর সাড়ে পাঁচ লাখ টাকা অভিনব কায়দায় ছিনতাই করা হয়। বিষয়টি নজরে আসায় ডিবির এলআইসি টিমের প্রধান পুলিশ পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি টিম মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেড় লাখ টাকা, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, ডিবির পোশাক, লাঠি ও প্রাইভেটকার উদ্ধার করা হয়।

Comilla-Arrest-1

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, তানভীর সালেহীন ইমন, নাজমুল হাসান ও ডিআইও-১ মাইনুদ্দিন প্রমুখ।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।