ওজন বাড়াতে চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীদের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০

আইন প্রয়োগকারী সংস্থার অভিযানেও মাছের বাজারে থেমে নেই প্রতারণা। ওজন বাড়াতে ও সতেজ রাখতে চিংড়ি মাছে মেশানো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক জেলি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার অভিযানে বিষয়টি ধরা পড়ে। এ সময় মাছ ব্যবসায়ীদের জরিমানা ও মাছগুলো ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নগরীর রাজগঞ্জ ও টমসমব্রিজ বাজারে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে চিংড়ি মাছে রাসায়নিক জেলি পাওয়া যায়। এসব জেলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাছ ব্যবসায়ীরা দীর্ঘদিন মাছকে সতেজ রাখতে ও ওজন বাড়ানোর জন্য জেলি ব্যবহার করে আসছিল। এ অপরাধে মাছ ব্যবসায়ীদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলি মেশানো সাড়ে আট কেজি চিংড়ি মাছ বাজার কমিটির নেতা ও জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এদিকে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ফ্রিজে পচা খাবার রাখার দায়ে বধূয়া ফুড ভিলেজকে পাঁচ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। অভিযানের সময় দোকানিদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, খাদ্যে নিষিদ্ধ দ্রব্য না মেশানো, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনসহ সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা করার পরামর্শ দেয়া হয়।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।