ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা, ১১ বছর পর স্ত্রীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৬ অক্টোবর ২০২০

কুমিল্লার মুরাদনগরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী জুলেখা বেগমের (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন এ রায় দেন।

হত্যাকাণ্ডের দীর্ঘ ১১ বছর পর এ রায় দেয়া হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ৪ মার্চ রাতে জেলার মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবু তাহেরকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্ত্রী জুলেখা বেগম। পরে স্বামীর মরদেহ ঘরে রেখে অন্য বাড়ির পাশে ঝোপের ভেতর লুকিয়ে থাকেন। গ্রেফতারের পর জুলেখা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করেন।

পরবর্তীতে নিহত তাহেরের ভাই ওয়াহেদ আলী বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেন। ঘটনার দুই মাস পর নিহতের স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, ওই মামলার ১৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জন আদালতে সাক্ষ্য দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি জুলেখাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।