এমপিওভুক্ত শিক্ষক

ঈদ বোনাস বাড়াতে চিঠি, ২৮৫ কোটি টাকা বাড়তি বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৫ মার্চ ২০২৬
বেতন-ভাতা বাড়ানোসহ নানান দাবিতে গত বছরের অক্টোবরে টানা আন্দোলনে নামেন শিক্ষকরা। ফাইল ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদের বোনাস ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করতে ডিও লেটার (আধা-সরকারি পত্র) দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে বছরে ২৮৫ কোটি ৮০ লাখ টাকা বাড়তি বরাদ্দ দিতে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন। বর্তমানে সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। সে লক্ষ্যে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় চলতি (২০২৫-২৬) অর্থবছর থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বর্তমানে প্রদত্ত উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশের পরিবর্তে মূল বেতনের ৬০ শতাংশ হারে দেওয়া প্রয়োজন।

অতিরিক্ত ১০ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বছরে অতিরিক্ত ১৯০ কোটি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ৯৫ কোটি ৮০ লাখ টাকা, অর্থাৎ মোট ২৮৫ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন হবে।

শিক্ষাখাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। শিক্ষক-কর্মচারীদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং সার্বিকভাবে শিক্ষা প্রদানের সার্বিক পরিষেবা উন্নয়ন সরকারের দায়িত্ব। কিন্তু বিগত সময়ে শিক্ষাখাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজেট সংকোচন করা হয়েছে। ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে নানান রকম বৈষম্য প্রতিফলিত হচ্ছে। এ সংকট উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাখাতের আনুপাতিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে।

এতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাখাতের ব্যয় বাড়ানো হলে শিক্ষার উন্নয়নসহ শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও তাদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনসহ অন্যান্য বৈষম্য হ্রাস পাবে মর্মে বর্তমান সরকার মনে করে এবং সে মোতাবেক শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

ডিও লেটারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লিখিত খাতে আর্থিক সুবিধা বৃদ্ধির কারণে শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বৃদ্ধিপূর্বক ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে অতিরিক্ত ১৯০ কোটি টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৯৫ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

এএএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।