নামাজ পড়া অবস্থায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১১ অক্টোবর ২০২০
গ্রেফতার আবু বকর

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় আবু বকর নামের এক ছেলে কুড়াল দিয়ে কুপিয়ে তার মা খায়েরুন নেছাকে (৭৫) হত্যা করেছেন। পুলিশ অভিযুক্ত ছেলে আবু বকরকে আটক করেছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ ঘটনা ঘটে। আবু বকর একই গ্রামের মৃত আনোয়ার উল্লাহর ছেলে। তিনি পিলখানায় বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের ঘটনায় সাজাভোগী অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য। চৌদ্দগ্রাম থানা পুলিশের পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাজাভোগ থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন আবু বকর (৩০)। সম্প্রতি তার এক মেয়ে নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যান।

নানামুখী সমস্যায় আবু বকরের মানসিক সমস্যা আরও বেড়ে যায়। রোববার দুপুরে নিজ ঘরে জোহরের নামাজ পড়া অবস্থায় কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাকে হত্যা করেন তিনি।

খবর পেয়ে এলাকাবাসী ছেলে আবু বকরকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, আমার চাকরি জীবনে এমন নৃশংস হত্যাকাণ্ড আর দেখিনি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সোমবার ঘাতক আবু বকরকে আদালতে সোপর্দ করা হবে।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।