নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৩ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০২ মার্চ ২০২৬

চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরার অভিযোগে পৃথক অভিযানে ১৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এসময় সাতটি মাছ ধরার নৌকা ও প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলী।

নৌ-পুলিশ জানায়, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের চরাঞ্চলে অভিযান চালিয়ে দুটি নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়। আটকরা হলেন- মনসুর আহমেদ (৪০) ও নাকমত আলী (৬০)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত নৌকাগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

অন্যদিকে, মতলবের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ২৪ ঘণ্টার পৃথক অভিযানে আরও ১১ জেলেকে আটক করে। এসময় পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ এবং প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়।

আটকরা হলেন- মো. বিল্লাল গাজী (৪১), মো. হানিফা সরকার (৫০), মো. শাহজালাল বেপারী (৩০), মোহাম্মদ আলী (৩২), মো. খোকন মিয়া (৪০), মো. ওসমান মোল্লাসহ (১৯) আরও কয়েকজন। তাদের বিরুদ্ধেও মৎস্য সংরক্ষণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মেঘনা নদীর মোহনপুর, দশানি, বাহাদুরপুর, সটাকি, ষাটনল, বাহেরচর, এখলাছপুর ও চরওমেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।

জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।

শরীফুল ইসলাম/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।