বিদেশ পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামের আলোচিত ব্যবসায়ী গোলাম মহিউদ্দিন হত্যা মামলার আসামি মো. হৃদয় মিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার গোপনে বিদেশে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মেঘনা থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. নাজির হোসেন। তিনি জানান, গত বছরের ১৬ নভেম্বর তাকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ শাখায় (ইমিগ্রেশন) রিকুইজিশন পাঠানো হয়। এর প্রায় তিন মাস পর গতকাল শুক্রবার বিকেলে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। খবর পেয়ে তাকে রাত দেড়টার দিকে মেঘনা থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর মেঘনার শিবনগর গ্রামে সালিশ বৈঠকে ওষুধ ব্যবসায়ী গোলাম মহিউদ্দিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

মো. কামাল উদ্দিন/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।