৩ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্র নাজিমের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লায় নিখোঁজের তিনদিন পরও সন্ধান মেলেনি মাদরাসাছাত্র শিশু নাজিম উদ্দিনের (১০)। সে জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের নুর জাহান বেগমের ছেলে।

নাজিম লাকসাম পৌর এলাকার রাজঘাট ফজলুল উলুম মাদরাসার ছাত্র। গত শনিবার সে নিখোঁজ হয়।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, জেলার লাকসাম পশ্চিমগাঁও রাজঘাটে অবস্থিত ফজলুল উলুম মাদরাসার সামনে থেকে গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) শিশু নাজিম উদ্দিন নিখোঁজ হয়। পরে তাকে আত্মীয়-স্বজনের বাড়িসহ লাকসামের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। রোববার (১৪ ফেব্রুয়ারি) তার সন্ধান চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মা নুর জাহান বেগম।

নুর জাহান বেগম জানান, শিশু নাজিম উদ্দিন তার বড় ছেলে। তার গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কফি কালারের পাঞ্জাবি। তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন জানান, শিশু নাজিম নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মো. কামাল উদ্দিন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।