ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে কিশোরকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১

কুমিল্লায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে আমিন (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘোতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আমিন জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের প্রবাসী নোয়াব আলীর ছেলে। তারা নগরীর ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে অন্যান্যদের সাথে ক্রিকেট খেলতে যায় আমিন। খেলার একপর্যায়ে নো-বল নিয়ে আমিন বাকবিতণ্ডায় জড়িয়ে পারভেজকে (২০) থাপ্পর দেয়। এতে পারভেজ ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে ছুরি এনে খেলার মাঠে আমিনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঘাতক পারভেজ পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।’

মো. কামাল উদ্দিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।