ভোলায় ১৮ জেলেকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০২ এপ্রিল ২০২১

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৯টি ট্রলার ও ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ২৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা।

শুক্রবার (২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার ইলিশ, ভোলার চর ও ভাংতির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার সময় ট্রলার ও জালসহ ২৩ জেলেকে আটক করা হয়েছে। পরে সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জেলেকে ৩ হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও ৫ জেলের বয়স কম হওয়ায় তাদের মুক্তি দেয়া হয়।

তিনি বলেন, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও জব্দকৃত ট্রলারের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়শ্রম হওয়ায় ভোলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা করে সরকার। এছাড়াও এ সময় বিক্রি, মজুত, পরিবহন, বাজার জাতের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।

জুয়েল সাহা বিকাশ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।