জাগো নিউজে সংবাদ প্রকাশের পর কমল টিকিটের দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৯ মে ২০২১

কুমিল্লা সদরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট মূল্য অবশেষে কমানো হলো। শুধু তাই নয়, বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে সাঁটিয়ে দেয়া হয়েছে লিফলেট।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম-এ এ-সংক্রান্ত প্রতিবদন প্রকাশ হওয়ার পর এ পদক্ষেপ নিল হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে গত ৩ মে ‘৫ টাকার টিকিট ১০ টাকা, দেড় বছরে বাণিজ্য ১২ লাখ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ। প্রতিবেদনে বলা হয়, কুমিল্লা সদরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারি আইন অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য পাঁচ টাকা হলেও প্রতি রোগী থেকে আদায় করা হচ্ছে ১০ টাকা। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবাদ করলে হাসপাতালের দালাল ও স্টাফদের হাতে অপমান এবং লাঞ্ছিত হতে হয় রোগীদের। গত দেড় বছরে হাসপাতালের বহির্বিভাগের টিকিট বাবদ বাণিজ্য হয়েছে ১১ লাখ ৮২ হাজার ৪০৫ টাকা।

jagonews24

সংবাদটি প্রকাশের পর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরই টনক নড়ে সংশ্লিষ্ট বিভাগের। কমানো হয় টিকিটের মূল্য। কুমিল্লা সদরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে সাঁটিয়ে দেয়া হয় লিফলেট।

রোববার (৯ মে) সরেজমিন গিয়ে দেখা যায়, সদর হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে সাঁটিয়ে দেয়া হয়েছে লিফলেট। এতে লিখে দেয়া হয়েছে প্রতিটি টিকিটের মূল্য পাঁচ টাকা।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে বলেন, সদর হাসপাতালে কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না। বিষয়টি মিনিটরিং করে বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে মূল্য তালিকা সাঁটিয়ে দেয়া হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।