কুমিল্লায় অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৫২ এএম, ১২ মে ২০২১

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে ওই অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

ধারণা করা হচ্ছে, রামকৃষ্ণপুর বাজারের সংকরের অ্যালুমিনিয়ামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাউছার আলম জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়ে খবর পান বাজারে আগুন লেগেছে। পরে দৌড়ে বাজারে এসে দেখেন তার মালামাল রাখার দুটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ২০-২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।

হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার উসমান গনি বলেন, ‘আমরা ১২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমরাসহ মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার তিনটি টিম দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা এখনো ঘটনাস্থলে আছি। এখন উদ্ধার কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’

এদিকে অগ্নিকাণ্ডের পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। ইউএনও জানান, তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। জেলা ও উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।