যুবককে কুপিয়ে গানের তালে উল্লাস : দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৮ মে ২০২১

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় যুবককে কুপিয়ে আহতের পর রামদা হাতে নাচানাচি করা দুই যুবকের একজনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ মে) দুপুর ২টার দিকে র‌্যাব কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন-চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩) এবং মামলার প্রধান আসামি একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাহজালাল (৩২)।

অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ মে) মধ্যরাতে কোমরডোগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে চৌদ্দগ্রাম থানায় তাদের হস্তান্তর করা হবে।

এর আগে গত ১৭ মে সকালে স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে কুপিয়ে আহত করা হয়। ওইদিন রাতে সাতজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার।

এ ঘটনার পর মামলা তুলে নিতে ভয় দেখিয়ে সম্প্রতি রামদা হাতে নিয়ে নাচানাচি করেন দুই যুবক মেহেদি হাসান ও রাসেল মিয়া। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মঙ্গলবার (২৫ মে) ভোরে কোমারডোগা এলাকা থেকে মেহেদি হাসান নামের একজনকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বৃহস্পতিবার রাসেল মিয়াকে গ্রেফতার করল র‌্যাব।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।