সেই ট্রাক নিতে আসেননি মালিক, ছিনতাইকারীদের নামে পুলিশের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৫ জুন ২০২১

কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ছিনতাই হওয়া চালবোঝাই ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। তবে গত ২৪ ঘণ্টায় চালের প্রকৃত মালিক ও ট্রাকের চালককে না পেয়ে পুলিশ বাদী হয়ে তিন ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেছে।

শনিবার (৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়।

এই তিনজন হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত রফিকুল ইসলাম বাচ্চুর ছেলে আমীর হোসেন লিটন (৩০), ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে সোহেল মিয়া (২৮) ও লক্ষ্মীপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মুরাদ (২৬)।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার (৩ জুন) রাতে চট্টগ্রাম বন্দর থেকে চালবোঝাই করে একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর এলাকায় চালককে মারধর করে ট্রাক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে ট্রাকচালক ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ করলে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে নাঙ্গলকোটের ঢালুয়া বাইপাস এলাকা থেকে চালসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ। এ সময় তিন ছিনতাইকারীকেও আটক করা হয়।

পরে ৯৯৯-এ অভিযোগ করা নম্বরে ট্রাকটি আটকের বিষয়ে জানিয়ে দেয়া হয় এবং চালের মালিককে থানায় আসতে বলা হয়। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় শুক্রবার রাতে আটক তিনজনকে আসামি করে থানার উপপরিদর্শক (এসআই) সুমিত চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন।

জেডএইচ/এসআর/ জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।