মামলার ১২ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দিল পুলিশ
কুমিল্লায় অটোরিকশা ছিনতাই মামলায় ১২ ঘণ্টায় আসামি গ্রেফতার, মালামাল জব্দ ও আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
শনিবার (৫ জুন) সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার (৩ জুন) নগরীর সুজানগর এলাকায় দিন দুপুরে একটি সিএনজি ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন শুক্রবার অটোরিকশা মালিক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পুলিশের অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী গ্রেফতারের পর উদ্ধার করা হয় অটোরিকশাটি। এর ১২ ঘণ্টার মধ্যেই মামলাটির তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
সূত্র মতে, বৃহস্পতিবার ছিনতাইকারীরা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে নগরীর সুজানগর পানির ট্যাংকির সামনে থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করেন। এ সময় চালকের মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেন তারা। পরে অটোরিকশা মালিক ফরহাদ হোসেন বাবু শুক্রবার মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুজানগর এলাকার বিডিআর রফিক মিয়ার ছেলে আব্দুস সামাদ ও একই এলাকার আবুল কাশেমের ছেলে শাহজাহান ওরফে কালুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করি এবং ১২ ঘণ্টার মধ্যেই মামলাটির তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, ডাকাতি-ছিনতাইয়ের মতো ঘটনাগুলোকে আমরা গুরুত্ব সহকারে দেখছি। নগরীতে এমন একটি ঘটনার কথা শুনে দ্রুত আসামিদের গ্রেফতারের নির্দেশ প্রদান করি। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদান করা হয়।
আরএইচ/জেআইএম